কক্সবাজারে সংঘর্ষে যুবক নিহত: হত্যা মামলায় সাবেক হুইপসহ আসামি ১৫০
৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিল শেষে ফেরার পথে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়; এতে অজ্ঞাত পরিচয় এক যুবক মারা যান।
ছাত্র-জনতার আন্দোলনের সময় কক্সবাজার শহরে সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহতের ঘটনায় আওয়ামী লীগের সাবেক হুইপসহ ১৫০ জনের নামে মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর মডেল থানার এসআই মো. সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান।
মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
ওসি সেলিম মিয়া জানান, ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে ফেরার পথে শহরের গুনগাছ তলা এলাকায় তাদের ওপর হামলা ও গুলি চালানো হয়। এতে অজ্ঞাত পরিচয় এক যুবক মারা যান।
এ ঘটনায় কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শালকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। যদিও এজাহারে তার নাম লেখা হয়েছে মোহাম্মদ মার্শাল।
এ ছাড়া মামলায় মার্শালের অপর ভাই সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলকে দুই নম্বর আসামি করা হয়েছে। তবে এজাহারে তার নাম লেখা হয়েছে জুয়েল আহমদ। আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমলকে।
অন্য আসামিরা হলেন- কক্সবাজার পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেক, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমদ জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি মাইন উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান সিদ্দিকী। বাকিরা অজ্ঞাত পরিচয় আসামি।
