দুই ভাইয়ের বেল্টে লুকানো ছিল কোটি টাকার সোনা
বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করা সোনার বারগুলির ওজন এক কেজি ২০০ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ দুই ভাইকে আটক করা হয়েছে। সোনার বারগুলি তাদের বেল্টের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিলো বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে বেনাপোল শুল্কভবনের সামনে কাস্টম-বিজিবি যৌথ চেকপোস্টের বাঁশকল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।
আটকরা হলেন, চুয়াডাঙ্গা জেলার ধামুরদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে মিলন হোসেন (২৮) ও হিরোন হোসেন (২৫)।
লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ সিদ্দিকী বলেন, বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে- এমন গোপন সংবাদে অভিযান চালায় বিজিবির একটি টহলদল।
এ সময় বেনাপোলের বাঁশকল এলাকা দিয়ে সীমান্তে যাওয়ার সময় দুই যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করা হয়।
"পরে তাদের দেহ তল্লাশি করে বেল্টের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার পাওয়া যায়; যেগুলোর ওজন এক কেজি ২০০ গ্রাম। আটক স্বর্ণের বাজার মূল্য এক কোটি আট লাখ টাকা।”
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে এবং স্বর্ণসহ ‘পাচারকারী’দেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
