Published : 17 Sep 2025, 04:18 PM
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর জসিম উদ্দিনের সদস্যপদ (রুকনিয়াত) স্থগিত করা হয়েছে। এ ছাড়া তাকে সাংগঠনিক কার্যক্রম থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
বুধবার ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে করা হয়েছে, বর্তমানে অধ্যাপক জসিম উদ্দিনের সামগ্রিক তৎপরতায় সংগঠনের সুনাম, সুখ্যাতি, ঐতিহ্য, শৃঙ্খলা ও পরিবেশ বিনষ্ট হচ্ছে; যা গঠনতন্ত্রের ধারা ৬২ এর উপধারা ২ (ক) ও (খ) এর সুস্পষ্ট লঙ্গন।
এ নিয়ে সোমবার জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যপদ (রুকনিয়াত) স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে দলীয় শৃঙ্খলা অব্যাহত রেখেছে। আগামীতেও দলীয় শৃঙ্খলার ব্যাপারে আপোষহীন থাকবে।”
এর আগে শনিবার ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পরিবর্তন ও জসিম উদ্দিনের সমর্থনে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।
এ ব্যাপারে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম বলেন, “জসিম উদ্দিনকে সাংগঠনিক কার্যক্রম থেকে সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে জেলার চিঠি হাতে পেয়েছি।”
সদস্যপদ স্থগিতের বিষয়ে জানতে জসিম উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।