২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় তিন বাইকের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

সাতক্ষীরা শহরের বকচরা এলাকায় তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 12:34 AM

Updated : 24 Apr 2023, 12:33 AM

সাতক্ষীরায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন কলারোয়া উপজেলার নারানপুর গ্রামের আজিজ সরদারের ছেলে আব্দুল বারী (৫০), তার ছেলে রেজোয়ান ও ওমর ফারুকের ছেলে মাহমুদ (২৫)। 

আহতরা হলেন খানপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে রায়হান (২৮) ও রইচপুর গ্রামের আব্দুল হাকিম (৩০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জিহাদ জানান, রেজওয়ান ও তার বাবা মোটরসাইকেলে করে কলারোয়া থেকে সাতক্ষীরা শহরে বেড়াতে আসছিলেন। 

“পথে জেলা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকায় তাদেরটিসহ তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আব্দুল বারী নিহত হন।” 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রেজোয়ান ও মাহমুদ মারা যান বলে জানান তিনি। 

ওসি আরও জানান, আহতদের প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।