২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী রবি নিয়োগীর প্রয়াণ দিবস পালন

মেহনতি ও শ্রমজীবী মানুষের নেতা হিসেবে তিনি আজীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন বলে জানান বক্তারা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 11:47 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আন্দামান জেল ফেরত বিপ্লবী রবি নিয়োগীর ২৫তম প্রয়াণ দিবস শেরপুরে পালিত হয়েছে। 

উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদ ও বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ যৌথভাবে শুক্রবার রাতে শহরের নিউমার্কেটে একটি পেশাজীবী সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা, সঙ্গীত ও কবিতা পাঠের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদের সভাপতি গবেষক শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা সুধাময় দাস

এ সময় কমিউনিস্ট পার্টির (সিপিবি) শেরপুর জেলা শাখার নেতা সোলায়মান আহমেদ, জেলা  উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি কমল চক্রবর্তী ও তপন সারোয়ার, বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ নেতা কবি রবিন পারভেজ, পরিবহন শ্রমিক নেতা হারান সাহা, এরশাদ আলী এবং কবি হাসান রাকিব বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিপ্লবী রবি নিয়োগী আন্তর্জাতিকতাবাদী নেতা ছিলেন। সারা বিশ্বের মেহনতি ও শ্রমজীবী মানুষের নেতা হিসেবে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন।

বিপ্লবী রবি নিয়োগী কলম সৈনিক হিসেবেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি বিনা বেতনে সাপ্তাহিক একতা ও দৈনিক সংবাদের শেরপুর জেলা বার্তা পরিবেশক হিসেবে আজীবন কাজ করেছেন। 

১৯১০ সালের ৩০ এপ্রিল শেরপুর টাউনের পুরাতন গরুহাটিতে জন্ম গ্রহণ করেন বিপ্লবী রবি নিয়োগী। ২০০২ সালের ১০ মে সুদীর্ঘ কর্মময় জীবনের সমাপ্তি ঘটলেও যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ের ধারায় লড়াকু মানুষের প্রেরণা হয়ে রয়েছেন তিনি। 

আলোচনা শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পী ও আমন্ত্রিত শিল্পীরা কবিতা পাঠ এবং সঙ্গীত পরিবেশন করেন।