২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, স্থায়ী বহিষ্কার

১৪৫টি ইয়াবাসহ ছাত্রদলের এই নেতাকে গ্রেপ্তার করে র‌্যাব।

শেরপুরে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, স্থায়ী বহিষ্কার
গ্রেপ্তার আশিক মাহমুদ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১৪৫টি ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রদল।

সোমবার সকালে র‌্যাব সদস্যরা তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেন বলে জানান নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা। 

পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার রাতে উপজেলার চারআলী বাজারের চাঁন মিয়া ডেন্টাল কেয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশিক মাহমুদ (২৫) রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

এ ঘটনায় র‌্যাব-১৪ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে আশিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১৪৫টি ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান উজ্জ্বলের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশিক মাহমুদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার ৫ নম্বর রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিককে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল। সেইসঙ্গে সাংগঠনিকভাবে তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।