২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

বুধবার দুদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও শিক্ষার্থীরা জানান।

গাজীপুরে প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
ছাত্র মো. আল আমিন হোসাইন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2024, 08:39 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

গাজীপুরের কালিয়াকৈরে এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকার ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান। 

নিহত মো. আল আমিন হোসাইন (২০) কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি উপজেলার চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

কলেজ কর্তৃপক্ষ, পুলিশ ও শিক্ষার্থীরা জানান বুধবার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ কামাল ওরফে সোহানের নেতৃত্বে কলেজে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের অনুমতি নিয়ে র‌্যাগ ডে পালন করা হয়। অনুষ্ঠানের দায়িত্বরত শিক্ষকদের সামনেই কলেজ ক্যাম্পাসে উচ্চশব্দে মাইক বাজিয়ে হৈ-হল্লোড় করেন শিক্ষার্থীরা। 

অনুষ্ঠান চলাকালে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেন সোহান ও তার সহযোগীরা। 

এক পর্যায়ে কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। 

শিক্ষার্থীরা জানান, বুধবারের ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত কয়েক জন আল আমিন হোসাইন ও কামরুলকে কলেজ ক্যাম্পাসের মাঠে দেখতে পেয়ে ধাওয়া দেন। তাদের ধাওয়া খেয়ে আল আমিন ও কামরুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে কলেজের পশ্চিম পাশে ডাইনকিনি সড়কে শাহ মখদুম মার্কেটের সামনে গিয়ে তারা মাটিতে পড়ে যান। 

তখন ধাওয়াকারীরা ধারালো অস্ত্র দিয়ে আল আমিন ও কামরুলকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান। 

স্থানীয়রা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম বলেন, “বুধবার শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়।তবে শিক্ষার্থীদের কোনো ধরনের র‌্যাগ ডে পালনের অনুমতি দেওয়া হয়নি। সেই অনুষ্ঠানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ওই ঘটনার জের ধরেই আজকে একটি পক্ষের হামলায় কলেজের এক ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।“ 

কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, “কলেজের র‌্যাগ ডে পালনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের জের ধরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি পক্ষের হামলায় এক ছাত্র নিহত হয়েছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”