১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেকনাফে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

মাদকের চালান লেনদেনের খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 06:12 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

কক্সবাজারের টেকনাফে দেশীয় তৈরি বন্দুকসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকায় এ অভিযান চালানো হয় বলে র‌্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান।

আটক ৩০ বছর বয়সী মো. ইউনুচ হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার রুস্তম আলীর ছেলে।

র‌্যাব কর্মকর্তা ফারুক বলেন, “উলুচামারী এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকের চালান লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক কয়েকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

“তখন ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির শরীরে তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক পাওয়া যায়।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।