২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আগুনে পুড়ে প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু, ‘রহস্যজনক’ বলছেন স্থানীয়রা

‘মানসিক প্রতিবন্ধী শাহজাহান হঠাৎ তাদের বসতঘরে আগুন ধরিয়ে দেন।’

কুমিল্লায় আগুনে পুড়ে প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু, ‘রহস্যজনক’ বলছেন স্থানীয়রা

লালমাই থানা

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2022, 07:45 PM

Updated : 10 Sep 2022, 07:45 PM

কুমিল্লার লালমাই উপজেলায় ঘরের মধ্যে আগুনে পুড়ে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বিষয়টিকে `রহস্যজনক’ বলছেন স্থানীয়রা।

শুক্রবার বিকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব।

নিহত শাহজাহান (২৭) ও সোহাগ মিয়া (১৯) ওই গ্রামের প্রয়াত আমান মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ আইয়ুব জানান, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ওই দুই ভাইয়ের মা অন্যের বাড়িতে কাজ করেন। তাদের সৎ বাবা জয়নাল মিয়া একজন দিনমজুর। ঘটনার সময় দুই ভাই ছাড়া অন্য কেউ ঘরে ছিলেন না।

“এদের মধ্যে মানসিক প্রতিবন্ধী শাহজাহান হঠাৎ তাদের বসতঘরে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে তিনি তার শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই সোহাগকে ওই আগুনে নিক্ষেপ করে নিজেও ঝাঁপ দেন। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। আগুনে বসতঘর ও দুই ভাই পুড়ে অঙ্গার হয়ে যায়।”

নিহতদের মা সাজেদা বেগম বলেন, “ঘটনার সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না। কেন যে ছেলেটা এমন করলো, বুঝতে পারছি না। তারা চিৎকার করতে করতে মারা গেছে বলে মানুষের কাছে শুনেছি।”

ঘটনার রাতেই নিহতদের মা সাজেদা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ওই দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু এলাকার মানুষের কাছে `রহস্যজনক’ মনে হচ্ছে। এজন্য ঘটনাটি ভালোভাবে তদন্ত করে দেখা দরকার।