২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে নানার লাশ, হত্যার অভিযোগে আটক নাতি

খোঁজাখুজির এক পর্যায়ে ঘরের মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 02:36 PM

Updated : 24 Sep 2022, 02:47 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৯৫ বছর বয়সী এক বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে হত্যার অভিযোগে তার নাতিকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলা রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান।

নিহত আবদুল হক মাদববের বাড়ি ওই এলাখায় বড়চালা গ্রামে।

আটক ২৫ বছর বয়সী আব্দুল খালেক নিহত আবদুল হক মাদববের মেয়ের ঘরের নাতি।

নিহতের স্বজনদের বরাতে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য গিয়াস উদ্দিন বলেন, আবদুল হক মাদবর ও তার ছেলে হারুন মাদবর পাশাপাশি ঘরে থাকতেন। হারুন নিজের মোটরসাইকেলটি বাবার ঘরেই রাখেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হারুন তার মোটরসাইকেল নিয়ে বাড়িতে প্রবেশ করার সময় হঠাৎ কেউ পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পেছন ফিরে তিনি তার ভাগ্নে আব্দুল খালেককে দেখতে পান।

ওই সময় খালেক তার মামাকে লাঠি দিয়ে আরেকটি আঘাত করে দ্রুত পালিয়ে যায় বলে জানান গিয়াস।

তিনি বলেন, পরে হারুনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে রাত ৩টার দিকে বাড়িতে আনা হয়। রাতে পরিবারের লোকজন হারুনকে নিয়ে ব্যস্ত থাকায় তার বাবা আবদুল হক মাদবরের খোঁজ কেউ নেয়নি।

“সকালে হারুনের বাবাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পাশের ঘরে মেঝেতে বস্তায় ঢাকা তার মরদেহ দেখতে পান তারা। এ সময় তার মাথায় ও নাকে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং কান দিয়ে রক্ত বের হচ্ছিল।”

খালেকই তার নানাকে হত্যা করে ঘরের মেঝেতে বস্তা দিয়ে ঢেকে রাখে বলে তার পরিবারের লোকজন ধারণা করছে বলে জানান এ ওয়ার্ড সদস্য।

ওসি মনিরুজ্জামান বলেন, শনিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী এলাকা থেকে খালেককে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

পারিবারিক বিরোধের জেরই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।