২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জমির বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

এই জমি নিয়ে মামলাও আদালতে বিচারাধীন আছে। সোমবার ওই মামলায় হাজিরা দিয়েছে উভয় পরিবার।

ঝিনাইদহে জমির বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

নিহতের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2022, 03:42 PM

Updated : 04 Oct 2022, 03:42 PM

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সেসময় আহত আরও চার জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।

নিহত ২০ বছর বয়সী সুবির দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

ওসি সোহেল রানা জানান, সত্যপদ দাসের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার সুনিল চন্দ্র দাসের। এই জমি নিয়ে মামলাও আদালতে বিচারাধীন আছে। সোমবার ওই মামলায় হাজিরা দিয়েছে উভয় পরিবার।

রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সুবির দাসের সঙ্গে সুনিল দাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুবিরকে ছুরিকাঘাত করেন সুনিল। পরে দুই পরিবারের মধ্যে মারামারি ছড়িয়ে পড়ে। সেসময় সুনিল দাস ও তার পক্ষের লোকদের ধারালো অস্ত্রের আঘাতে আরও চার জন আহত হন।

পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই চাকলাপাড়া থেকে সুনিল, বিমল ও অন্তর দাসকে আটক করা হয়েছে।