মামলার ১৭ বছর পর দণ্ডিত দুই আসামির আত্মসমর্পণ
২০০৫ সালের ১৩ মার্চ পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়; তিন দিনের মাথায় পুলিশ তাকে উদ্ধার করে।
নীলফামারীতে স্কুলছাত্রীকে অপহরণের মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ করেছেন, যাদের একজন যাবজ্জীবন দণ্ডিত।
রোববার নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ হাজির হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এরা হলেন টুললু মাহমুদ (৪২) ও জোবেদা বেগম (৪৯)। টুললু মাহমুদ যাবজ্জীবন এবং তার সহযোগী জোবেদা বেগম ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত।
২০০৫ সালের ১৩ মার্চ জেলার কিশোরগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়। তখন এদের বিরুদ্ধে থানায় মামলা হলেও গ্রেপ্তার করা যায়নি।
২০২২ সালের ১২ জুন এই দুই আসামির অনুপস্থিতিতে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান।
ওই আদালতের বিশেষ পিপি আল মাসুদ আলাল মামলার বরাতে জানান, কিশোরগঞ্জ উপজেলা শহরের দক্ষিণ রাজীর গ্রামের ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ২০০৫ সালের ১৩ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে অপরহরণ করেন প্রতিবেশী টুললু মাহমুদ ও জোবেদা বেগম ভেকরী।
টুললু একই গ্রামের এছাহাক আলীর ছেলে এবং জোবেদা বেগম ভেকরী মামুন রশিদের স্ত্রী।
পিপি জানান, ঘটনার দুদিন পর (১৫ মার্চ) ওই শিশুর বাবা বাদী হয়ে টুললু মাহমুদ ও জোবেদা বেগম ভেকরীসহ ছয় জনের নামে কিশোরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরর তিন দিনের মাথায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
তদন্ত শেষে একই বছরের ৫মে টুললু ও জোবেদাকে পলাতক দেখিয়ে দুজনের বিরুদ্ধে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অভিযোগপত্র দেন কিশোরগঞ্জ থানার এসআই মো. নুরুল হুদা।
মামলার অন্য চার আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
পিপি আল মাসুদ আলাল জানান, রায়ে টুললু মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং তার সহযোগী জোবেদা বেগম ভেকরীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আলাল জানান, রোববার দুপুরে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন টুললু ও জোবেদা। আদালত আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
