বাঘাইছড়িতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতার পথে কাঁটা বলে মন্তব্য করেন বক্তরা।
সাংবাদিক ফজলে এলাহীসহ ছয় সাংবাদিকের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার সকালে বাঘাইছড়ি প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান তারা।
সাংবাদিক ও ‘হৃদয় বাঘাইছড়ি’ নামের একটি সামাজিক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ও দৈনিক পাবর্ত্য চট্টগ্রাম বাঘাইছড়ির প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।
আনোয়ার হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতার পথে কাঁটা হিসেবে দাঁড়িয়ে গেছে। এই আইনের ফাঁক-ফোকর দিয়ে সমাজের প্রভাবশালীরা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে।
অবিলম্বে এই আইন বাতিল ও রাঙামাটি-খাগড়াছড়ি-ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তরা।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া এক মামলায় পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে ৭ জুন সন্ধ্যায় গ্রেপ্তার করে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ। পরদিন জামিনে মুক্তি পান তিনি। ফজলে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, কালের কণ্ঠ ও এনটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি।
পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এই মামলা করেন। চিনু বর্তমানে রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
