Published : 25 Aug 2026, 04:55 PM
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছেন।
এ সময় তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
সোমবার নড়িয়া উপজেলার ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের গাগরীজোড়া এলাকায় এ কর্মসূচি হয় বলে জানান নড়িয়া থানার এসআই জসিম উদ্দিন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯)।
পুলিশ জানায়, সোমবার ঢাকা-শরীয়তপুর সড়কে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ঘটনাস্থল পালং মডেল থানার কাছাকাছি হওয়ায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করে। পরে রাতে তাদের নড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকালে এসআই জসিম উদ্দিন তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এরপর তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ওই কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে ‘১৫ অগাস্ট উপলক্ষে শোক র্যালি’ লেখা ব্যানার নিয়ে শতাধিক ব্যক্তিকে ঢাকা-শরীয়তপুর সড়ক দিয়ে হাঁটতে দেখা যায়। এ সময় তারা শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দেন।
আরেকটি ভিডিওতে গাগরীজোড়া এলাকায় কোটাপাড়া সেতুর ঢালে অনেকগুলো মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শোভাযাত্রার দৃশ্য দেখা যায়। এতে সড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হতে দেখা যায়।
এসআই জসিম উদ্দিন বলেন, ভিডিও দেখে অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।