২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে হাতির পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি থেকে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছালে একদল বন্যহাতির সামনে পড়েন আব্দুল হক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2024, 01:52 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

কক্সবাজারে রামু উপজেলায় বন্যহাতির পদপিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে রাজারকূল ইউনিয়নের পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

নিহত আব্দুল হক (৪৭) ওই ইউনিয়নের ঢালারমুখ এলাকার মোহাম্মদ হোসেন ওরফে মাদুর ছেলে। তিনি ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।

স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, ভোরে আব্দুল হক ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। পরে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি থেকে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছালে একদল বন্যহাতির সামনে পড়েন। এ সময় হাতির আক্রমণে পদপিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাজারকূল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির উৎপাত বেড়েছে। লোকালয়ে নেমে আসা বন্যহাতির হানায় বসত বাড়ীসহ জানমালের ক্ষতি হচ্ছে। এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। ”

ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।