২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

তিনি ঢাকার বাসাবো এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন, বলছে র‌্যাব।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 12:28 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

‌র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, রোববার রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাসাবো এলাকা থেকে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প ও র‍্যাব-৩ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন দিলীপ ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

আর গুলিতে নিহত মো. সাদ্দাম হোসেন (৩২) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।  

গত ২৭ নভেম্বর গভীররাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

তাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ তার ‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।

ঘটনায় পরদিন ২৮ নভেম্বর রাতে সাদ্দামের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে দিলীপকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

‌র‌্যাব কর্মকর্তা নূরনবী বলেন, “হত্যাকাণ্ডের পর দিলীপ গা ঢাকা দিয়েছিলেন। তিনি ঢাকার বাসাবো এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।”