২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দফায় দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ-বিক্ষোভ

শুক্রবার সকাল থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, শ্রীপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 05:12 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ এবং দায়ীদের গ্রেপ্তার দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহে দফায় দফায় অবরোধ করে বিক্ষোভ করেছে জনতা। 

শুক্রবার সকাল থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, শ্রীপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। বিক্ষোভ চলাকালে যান চলাচল ব্যাহত ও বন্ধ হয়। এতে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়।

সকালে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ করে শত শত ছাত্র- জনতা। একই দাবিতে জুমার নামাজের পর ফের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। 

এ ছাড়া শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। 

এ সময় আন্দোলনকারীরা হাদির মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চান্দনা চৌরাস্তা এলাকায় আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। 

জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মানুষজন এসে মহাসড়কের আন্দোলনে যুক্ত হন। বিকেল পৌনে ৪টা পর্যন্ত ওই বিক্ষোভ চলছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে ।

এদিকে হাদির মৃত্যুর ঘটনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এলাকায়ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শত শত শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিববাড়ি পর্যন্ত যান এবং সেখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে ঢাকা-শিমুলতলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একই দাবিতে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুরো নগরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মহানগরীর বিভিন্ন এলাকায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।