১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নিঝুম দ্বীপে বজ্রপাতে শিশুর মৃত্যু

“বজ্রপাত থেকে বাঁচার জন্য একটি গাছের নিচে আশ্রয় নেয় শিশুটি। গাছটির ওপরেই বজ্রপাত হয়।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 05:40 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বাচল গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান জানান।

নিহত সুমি আক্তার (১০) নামে ওই গ্রামের মো.ইউসুফের মেয়ে।  

স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন বলেন, বেলা ১১টা থেকে নিঝুম দ্বীপে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে আনতে বের হয় সুমি।

“বজ্রপাত থেকে বাঁচার জন্য একটি গাছের নিচে আশ্রয় নেয় শিশুটি। কিন্তু গাছটির ওপরেই বজ্রপাত হয়। এতে গাছটির বাকল ছিঁড়ে যায় এবং গাছের নিচে আশ্রয় নেওয়া শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।”

প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান বলেন, নিহত শিশুটির বাবা পেশায় দিনমজুর। বজ্রপাতে শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আমিন বলেন, বজ্রপাতে শিশু মৃত্যুর বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।