শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরও ২ নেতা গ্রেপ্তার
এই মামলায় এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব।
নাশকতার মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদধারী আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ সদর থানা এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে বেলা ৩টায় জানিয়েছেন সিলেট র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তার আসামিরা হলেন, আশিকুর রহমান আশিক ও অমিত সাহা।
আশিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি, তিনি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়ময়নসিংহের ত্রিশালে।
আর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত সাহা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যায় গত ২০ অগাস্ট কোতোয়ালী থানায় করা নাশকতার মামলার আসামি। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রুদ্র সেন পানিতে ডুবে মারা যান।
এই মামলায় এর আগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব।
এছাড়া গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা শাহপরাণ হলে মাদক ও অস্ত্র উদ্ধারে তল্লাশি চালায়। এতে আশিকের (৪২৭ নম্বর) ও অমিতের (৪২৩ নম্বর) কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছিল তল্লাশিকারী শিক্ষার্থীরা।
র্যাব কর্মকর্তা মশিউর রহমান বলেন, গ্রেপ্তারের পর আসামিদেরকে সিলেট মহানগরের কোতোয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া এ মামলায় পলাতক বাকি আসামিদের গ্রেপ্তার করতে র্যাবের অভিযান অব্যাহত আছে।
