শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর সিলেট কোতয়ালি থানায় রাখা হয়েছে।
নাশকতার মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকালে সিলেট র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগের রাত দেড়টার দিকে র্যাব-৯ ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা থানা এলাকা থেকে সজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
সজিবুর নরসিংদী জেলার রায়পুরা থানার দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহর ছেলে।
র্যাব কর্মকর্তা মশিহুর বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুতে গত ২০ অগাস্ট সিলেট মহানগর কোতয়ালি থানায় নাশকতার মামলা হয়। সজিবুর ওই মামলার ৩৩ নম্বর আসামি ছিলেন। গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
সজিবুরকে সিলেট কোতয়ালি থানায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা অভিযান চলছে।
