Published : 13 Dec 2025, 05:22 PM
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।
শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতালায় জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে কে বা কারা।
পাশের একটি ভবন থেকে লাঠির সঙ্গে প্যাচানো গামছায় পেট্রোল লাগিয়ে ভিতরে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে গামছাটি পুড়ে ছাই মেঝেতে পড়ে থাকে কিন্তু আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বলেন, “শুক্রবার রাত ১১টার দিকে অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে আসলে এমন পরিস্থিতি দেখি। তবে অফিস এবং অফিসের কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।
“বিষয়টি ঊর্ধতন কর্মকর্তা, নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি নিরাপত্তা দেয়ার জন্য।”
পুলিশ পরিদর্শক শেখ হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ভবনের পিছনের থাই গ্লাসের জানালা কৌশলে খুলে তারপর আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে।
তবে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।