জামালপুরে ঈদমেলা থেকে ৩ নারীসহ ৪১ জন গ্রেপ্তার
জুয়া ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুরের ইসলামপুর উপজেলায় ঈদমেলায় অভিযান চালিয়ে তিন নারীসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হারঘিলা বাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান।
তিনি বলেন, সেখানে ঈদের দিন থেকে ঈদমেলার নামে জুয়া, অশ্লীল নৃত্য ও মাদকের আড্ডা চলছিল। গভীর রাতে দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্প ও ইসলামপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় ২১টি মোটরসাইকেল, ৩২টি মোবাইল ফোন, ১ হাজার ৫৩০ টাকা, জুয়া ও নৃত্যের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- উপজেলার সোনামুখি গ্রামের মো. নাজু মিয়া (৩৩), পূর্ব গামারিয়া গ্রামের রাকিব (২৮), দক্ষিণ দরিয়াবাদ গ্রামের মালেক জাদুকর (৪২), মেলান্দহ উপজেলার চরপলিশার গ্রামের রেজাউল মিয়া (১৯), সুজন ওরফে ফিরোজ মিয়া (২৫), রমজান আলী (১৯), ৫ নম্বর চরের মো. মারুফ হাসান (১৮), সাধুপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০), মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী গ্রামের আবিদ হাসান (২৭), সাদমান শাহরিয়ার সৌমিক (২২), গোয়ালেরকান্দি গ্রামের রাজু আহাম্মেদ (২৮), জামালপুর পৌরসভার তেঁতুলিয়া গ্রামের আব্দুর রহিম (৩২)।
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মো. খোকা হাসান (১৮), মাগুরা গ্রামের মো. মনসুর (৪৫), খোলাশ গ্রামের শাহ আলম (৩০), মো. ওমর ফারুক (১৮), মো. রাকিব (১৯), নাঈম (১৯), দুপচাঁচিয়া উপজেলার রেদুয়ান ইসলাম (২৩), শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড়ার হাসান বাপ্পি (১৯) এবং জয়পুরহাটের কালাইয়ের মো. জাকির হোসেন (২৫)।
বুধবার বিকালে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, জুয়া ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
