Published : 23 Aug 2026, 12:33 PM
শেরপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। তিনি রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে দাবি পরিবারের।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাকুরিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকার এক বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা।
নিহত কুলসুম আক্তার ভুলি (৪০) ওই এলাকার ফুরকান আলীর স্ত্রী ও দুই ছেলে ও এক মেয়ের জননী। তার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি পাশাপাশি এলাকায়।
পরিবারের বরাতে ওসি মো. সোহেল রানা বলেন, সন্ধ্যায় কুলসুম আক্তার ভুলি নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এ সময় রাইস কুকার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার হাতে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির জন্য আবেদন করা হলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।