লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সুমন খানের সম্পদ ক্রোক
সুমন খান, তার স্ত্রী ও তার দোকানের এক কর্মচারীর ব্যাংক হিসাবে ৪২৮ কোটি টাকার বেশি লেনদেনের সন্ধান পেয়েছে সিআইডি।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ওরফে ‘হুন্ডি’ সুমন খানের সম্পত্তি ক্রোক করেছে জেলা প্রশাসন।
আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল সুমন খানের ‘খান হোটেল’সহ কয়েকটি ভবন দখলে নিয়ে ব্যানার টানিয়ে দিয়েছে বলে জানান লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার।
আওয়ামী লীগ নেতা সুমন খানের বিরুদ্ধে অর্থ পাচার, অর্থ আত্মসাৎ, মাদক ও স্বর্ণ চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘ অনুসন্ধানের পর তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাব নম্বরে বিপুল অর্থের সন্ধান পায় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ-সিআইডি।
সব মিলিয়ে সুমন খান, তার স্ত্রী ও তার দোকানের এক কর্মচারীর ব্যাংক হিসাবে ৪২৮ কোটি টাকার বেশি লেনদেনের সন্ধান পেয়েছে সিআইডি।
সিআইডির কর্মকর্তারা জানান, সুমন খানের ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকা পাওয়া গেছে। তার স্ত্রীর হিসাবে চার কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা রয়েছে। এ ছাড়া সুমনের দোকান কর্মচারী তৌকির আহমেদ মাসুমের ব্যাংক হিসাবে ১৮৬ কোটি ৯৫ লাখ টাকা লেনদেনের তথ্য মিলেছে। এসব লেনদেনের বৈধ আয়ের কোনো উৎস পাওয়া যায়নি।
এ ঘটনায় লালমনিরহাট দায়রা জজ আদালতে অর্থ পাচার আইনের ৪(২) ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা করে সিআইডি। পরে ২০২৪ সালের ১ ডিসেম্বর সুমন খানের ব্যাংক হিসাব জব্দসহ স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত।
অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী সুমন খানের বাড়ি, নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলে নেওয়া হয়েছে। এগুলো সরকারি মালিকানাধীন হিসেবে পরিচালিত হবে।”
এ বিষয়ে সুমন খানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ নভেম্বর ঢাকাগামী একটি বাস থেকে সুমন খানকে আটক করে পুলিশ। পরে হত্যা, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি বর্তমানে জেলহাজতে আছেন।
