১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজালাল বিমানবন্দর থেকে ৯২৫টি কচ্ছপ জব্দ

উদ্ধার হওয়া কচ্ছপগুলির মধ্যে ১৪৫টি স্টার টরটয়েজ এবং ৭৮০টি কড়িকাইট্টা প্রজাতির কচ্ছপ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 03:08 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাচারের চেষ্টা করা ৯২৫টি কচ্ছপ শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এক যাত্রীর দুইটি লাগেজ থেকে কচ্ছপগুলি জব্দ করা হয় বলে জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস্ সাদিক। 

তিনি বলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী যাত্রী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়ার (৫৪) নিরাপত্তা তল্লাশিতে লাগেজ স্ক্যানিং করার সময় কচ্ছপ সদৃশ বস্তু শনাক্ত হয়। এসময় শওকতকে ডাক দেওয়া হলে তিনি দ্রুত পালিয়ে যান। 

এরপর বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে লাগেজ পরীক্ষা ও তল্লাশি চালায়। 

তল্লাশিতে একটি সবুজ রঙের লাগেজ থেকে ১৪৫টি স্টার টরটয়েজ (Star Tortoise) এবং একটি নীল রঙের লাগেজ থেকে ৭৮০টি কড়িকাইট্টা (Indian Roofed Turtle) জব্দ করা হয়। কচ্ছপগুলির মোট ওজন প্রায় ৫৮ কেজি।

এ সময় জীববৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলামসহ বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আস্ সাদিক বলেন, “কচ্ছপগুলো বাংলাদেশ থেকে কুয়ালালামপুর পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৬ ও ৩৪ (খ) এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ধারা ২৫-বি অনুযায়ী গুরুতর দণ্ডনীয় অপরাধ।

“এ বিষয়ে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং পলাতক আসামি মোহাম্মদ শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” 

এছাড়া উদ্ধার করা প্রাণীগুলো জব্দতালিকার মাধ্যমে বন অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।