কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
তিন বন্ধু সাগরে গোসলে নামেন; একজন স্রোতের টানে ভেসে যান।
কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফগার্ড কর্মীদের সুপারভাইজার মো. ওসমান গণি বলেন, রোববার বিকাল ৪টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সায়মন (২০) উখিয়া উপজেলার পালাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।
সায়মনের বন্ধু ও স্থানীয়দের বরাতে ওসমান গণি বলেন, রোববার বিকালে সায়মনসহ তিন বন্ধু সাগরে গোসলে নামেন। তিনজনই টিউব নিয়ে নেমেছিলেন। এক পর্যায়ে সায়মনের টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে যায়। এতে স্রোতের টানে ভেসে যেতে থাকেন ওই যুবক।
এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু সায়মনকে উদ্ধারে ব্যর্থ হন।
লাইফগার্ডের এ সুপারভাইজার বলেন, “বিকাল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টের সাগরে কিছুএকটা ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লাইফগার্ডের একটি দল গিয়ে সাগর থেকে সায়মনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান।“
সেখানে চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন বলে জানান, ওসমান গণি।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী হাকিম মো. তানভীর হোসেন বলেন, ওই যুবকের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
