২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংস্কৃতিক সংগঠনগুলোর বরাদ্দ কক্ষ বাতিল করল শাবি প্রশাসন

প্রক্টর বলেন, “আমরা তাদের জানাইলাম। তারা আমাদের সঙ্গে বসুক, কথা হবে।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 10:52 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নামে বরাদ্দ করা কক্ষ বাতিল করে নেতাদের কাছে চিঠি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানের স্বাক্ষরে সংগঠনগুলোর নেতাদের কাছে এই চিঠি পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়, “ইউনির্ভাসিটি সেন্টারের যে সব কক্ষ আপনাদের সংগঠনের নামে বরাদ্দ দেওয়া হয়েছে তা বাতিল করা হলো। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬৮টি সংগঠন আছে। সকল সংগঠনকে কক্ষ বরাদ্দ দেওয়া প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত কক্ষ না থাকায় তাদের চাহিদা মাফিক কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আপনাদের সংগঠনের নামে বরাদ্দকৃত কক্ষ আগামী ১০ জুলাইয়ের মধ্যে খালি করার জন্য অনুরোধ করছি।”

সব সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে সার্বিক সহযোগিতার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে ওই চিঠিতে। 

প্রশাসনের এ রকম সিদ্ধান্তে সংগঠনের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। 

শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অন্তিক চৌধুরী ফেইসবুক পোস্টে লিখেছেন, “সাস্টের জন্মের পর থেকে তিন দশকের বেশি সময় ধরে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে গড়ে তোলা ক্লাবগুলোগুলোকে কোনো ধরনের আলোচনা ছাড়াই তাদের ক্লাবরুম ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হইছে। লজ্জা-লজ্জা, লজ্জা।”

মাভৈঃ আবৃত্তি সংসদের সভাপতি সাদিয়া আনজুম শৌমি বলেন, “আমরা সংগঠনের সূচনালগ্ন থেকে ইউসিতে একটি রুম ব্যবহার করে আসছি। বহুবছর থেকে এই কক্ষে মাভৈঃ আবৃত্তি সংসদ তাদের অনেক কার্যক্রম চালিয়ে আসছে। আমাদের এই কক্ষে রয়েছে বিভিন্ন ধরনের বই সম্বলিত ‘মাহিদ আল সালাম স্মৃতি লাইব্রেরি’। আমরা কি তাহলে এই লাইব্রেরি এখন বন্ধ করে দেব? প্রশাসন কি তাই চাচ্ছে?

“এই কক্ষ ত্যাগ করা মানে সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়া এবং বন্ধ হয়ে যাওয়া। এই কক্ষ ছেড়ে দিতে বলা মানে হচ্ছে, সচেতনভাবে সংগঠনগুলোকে ক্ষতিগ্রস্ত করা! এই সিদ্ধান্ত কোনোভাবে সংগঠনগুলোকে বন্ধ করার পাঁয়তারা কিনা সেটা ভেবে দেখা উচিত।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের ৬৮টি সংগঠন। কিন্তু আমাদের ইউসিতে গুটিকয়েক সংগঠন এসব কক্ষে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে বাকি সংগঠনগুলোকে রিহার্সেল করার জন্য আমি কোনো রুম দিতে পারছি না। 

“এখন কয়েকটি সংগঠনকে সুযোগ দিয়ে গিয়ে বাকিদের অধিকার বঞ্চিত করা আমরা করতে পারি না। এখন সবাইকে সুযোগ করে দেওয়ার জন্যে রুমগুলো খালি করার জন্য বলা হয়েছে।”

আলোচনা না করে এ ধরনের চিঠি পাঠানোর বিষয়ে তিনি বলেন, “সংগঠনগুলোর সঙ্গে আমাদের কথা হবে। আমরা তাদের জানাইলাম। তারা আমাদের সঙ্গে বসুক, কথা হবে।”