১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে মামলার আসামিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

“১৫-২০ জন কিশোর যুবক তাকে ঘিরে ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 01:57 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। যার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে। 

সোমবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার ওসি এম এ বারী জানান। 

নিহত ২৫ বছর বয়সী ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।

স্বজনরা বলেন, সোমবার ভোর ৬টার দিকে ফখরুল ইসলাম তার বড় বোন শাহনাজ আক্তার টুম্পার অসুস্থ মেয়েকে দেখতে তাদের বাড়িতে যান। সেখান থেকে সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে ওঁৎ পেতে থাকা ১৫-২০ জন কিশোর চক্রের সদস্য তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। 

শাহনাজ আক্তার টুম্পা বলেন, “আমার ভাই আমাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় আমার সামনে ১৫-২০ জন কিশোর যুবক তাকে ঘিরে ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।”

তবে চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব দাবি, সকালে তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চৌমুহনী যাচ্ছিলেন। পথে ফখরুল ও তার সহযোগীরা টাকাগুলো ছিনিয়ে নেয়। 

“পরে স্থানীয় লোকজন ফখরুলকে আটক করে গণপিটুনি দিলে সে মারা যায়। তাৎক্ষণিক বিক্ষুদ্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে।”      

ওসি এম এ বারী বলেন, নিহত ফখরুলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। 

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।