গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আসামির পলায়ন
এ ঘটনায় পুলিশের দুই এএসআই ও এক কনস্টেবল আহত হন বলে রাজাপুর থানার ওসি জানিয়েছেন।
ঝালকাঠির রাজাপুরে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর ধস্তাধস্তির মধ্যে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পিংড়ি এলাকায় এ ঘটনায় পুলিশের দুই এএসআই ও এক কনস্টেবল আহত হন বলে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান।
এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয় বলেও তিনি জানান।
পালিয়ে যাওয়া আসামি মো. জহিরুল ইসলাম সোহেল (৪৫) পিংড়ি গ্রামের মো. ফজলুল হক মাস্টারের ছেলে এবং ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
ওসি পুলক চন্দ্র রায় জানান, সকাল ১০টার দিকে জহিরুল ইসলাম সোহেল তার বাড়িতে ঈদ উপলক্ষ্যে যাকাতের কাপড় বিতরণ করছিলেন। এ সময় রাজাপুর থানার পুলিশের একটি দল সেখানে গিয়ে সোহেলকে গ্রেপ্তার করে।
“এ সময় তার স্বজনদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এই ফাঁকে সোহেল পালিয়ে যায়।”
ধস্তাধস্তিতে পুলিশের এএসআই মো. নুরুজ্জামান, এএসআই মো. রেজাউল ও কনস্টেবল মো. জাকির আহত হন; তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি জানান।
পুলক চন্দ্র রায় আরও জানান, পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে আট নারী ও একজন পুরুষকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে।
পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বোমা হামলার একটি মামলায় জহিরুল ইসলাম সোহেল পরোয়ানাভুক্ত আসামি বলে ওসি পুলক জানান।
