Published : 15 Jul 2026, 02:57 PM
খুলনা নগরে সাংবাদিকদের নিয়মিত আড্ডাস্থলে গুলির ঘটনা ঘটেছে। একটি গুলি পাশে থাকা একটি চেয়ারে আঘাত করে বলে প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা জানিয়েছেন।
এ সময় সেখানে চার সাংবাদিক ও বিএনপির স্থানীয় এক নেতা উপস্থিত ছিলেন। অল্পের জন্য তারা রক্ষা পেলেও গুলির ‘স্প্লিন্টারের আঘাতে’ একজন সাংবাদিক সামান্য আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে নগরের জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম জানিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ‘খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন’।
ঘটনাস্থলে থাকা এস এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি বলছিলেন, “রাতে আমরা কয়েকজন সাংবাদিক আড্ডা দিচ্ছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
“একটি গুলি চেয়ারে আঘাত করে। এরপর হেলমেট পরা ওই যুবকরা চলে যায়।”
ঘটনাস্থলে থাকা অপর এক সাংবাদিক দৈনিক আমাদের সময়ের খুলনা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, “ঘটনাটি উদ্বেগজনক। গুলির একটি স্প্লিন্টার সাংবাদিক আওয়াল শেখের শরীরে লাগে। এতে তিনি সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ আছেন।
তিনি বলেন, “কেন আমাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, বুঝতে পারছি না।”
ঘটনাটি ‘পরিকল্পিত’ এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের কেউ একজন হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিলেন বলে দাবি করেছেন ঘটনাস্থলে থাকা স্টার নিউজের খুলনা প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল।
সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলের আশপাশের সব সিসিটিভি ফুটেজ তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।
“একটি ফুটেজ পাওয়া গেছে, তবে সেটি অস্পষ্ট। কী কারণে গুলির ঘটনা ঘটেছে সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।”