উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসার পাঁচ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
র্যাব জানায়, এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র, গুলি ও কিছু পরিমাণ বিস্ফোরক দ্রব্য।
কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার শীর্ষ সন্ত্রাসী বলছে র্যাব।
এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে কয়েকটি বন্দুক, গুলি ও কিছু পরিমাণ বিস্ফোরক দ্রব্য।
সোমবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
রোববার মধ্যরাতে উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আস্তানা হিসেবে ব্যবহৃত একটি পরিত্যক্ত ঘরে এই অভিযান চালানো হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
গ্রেপ্তাররা হলেন, উখিয়া উপজেলার ৫ নম্বর ক্যাম্পের মৃত আবুল বাশারের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে মৌলভী অলি আকিজ (৫০), ৬ নম্বর ক্যাম্পের মৌলভী আনোয়ারের ছেলে মো. ফয়সাল ওরফে মাস্টার ফয়সেল (২৮), ২০ নম্বর ক্যাম্পের মৃত মৌলভী রহমত উল্লাহর ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), ৮ নম্বর ক্যাম্পের মৃত করিম উল্লাহর ছেলে মো. সালাম ওরফে মাস্টার সালাম (২০), ২২ নম্বর ক্যাম্পের আনু মিয়ার ছেলে মো. জুবায়ের (২৪)।
অভিযানে জব্দ করা হয়েছে, একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি দুটি বন্দুক, ১০টি কার্তুজ, দুই কেজি বিস্ফোরক দ্রব্য , তিনটি মোবাইল ফোন এবং আড়াই হাজার টাকা।
র্যাব জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ওরফে অলি আকিজ আসরার অন্যতম শীর্ষ সন্ত্রাসী।
তার বিরুদ্ধে বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ, সেভেন মার্ডার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ এবং হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন বলেন, র্যাবের কাছে গোয়েন্দা তথ্য ছিল, আরসার শীর্ষ সন্ত্রাসী আকিজ দীর্ঘ সময় ধরে মিয়ানমারের পালিয়ে আত্মগোপনে থাকলেও গত ১৯ মে রোহিঙ্গা ক্যাম্পে ফিরেছে।
আরসার শীর্ষ কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনি এবং সেকেন্ড-ইন-কমান্ড ওস্তাদ খালেদের নির্দেশনাক্রমে তিনি ক্যাম্পে আধিপত্য বিস্তারের নতুন পরিকল্পনা নিয়ে অপতৎপরতা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে র্যাব রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করে।
সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, রোববার মধ্যরাতে উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৮/১০ জন আরসা সদস্য অবস্থান করছে এবং আরসার আস্তানা হিসেবে ব্যবহৃত একটি পরিত্যক্ত ঘরে গোপন বৈঠকের খবর আসে।
পরে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে আরসার সদস্যরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়েন।
তথ্য নিশ্চিত হয়ে এই অভিযান চালানো হয় দাবি করে ওই র্যাব কর্মকর্তা বলেন, “অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে পাঁচজন।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মতে, মৌলভী অলি আকিজ ২০১৭ সালে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে ৫ নম্বর ক্যাম্পে স্বপরিবারে বসবাস শুরু করেন।”
র্যাবের দাবি, অলি আকিজ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে কাজ করায় ওস্তাদ খালেদের নির্দেশে রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহকে নির্মমভাবে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি।
তাছাড়া ‘মতাদর্শিক দ্বন্দ্বে’ সংঘটিত চাঞ্চল্যকর সাত খুনেও তিনি সরাসরি অংশগ্রহণ করেন।
এছাড়াও ২০২২ সালে গোয়েন্দা সংস্থা ও র্যাবের মাদকবিরোধী যৌথ অভিযানের সময় আরসা সন্ত্রাসীদের হামলায় গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত ও একজন র্যাব সদস্য গুরুতর আহত হন। ওই হামলার সঙ্গেও আকিজ সরাসরি জড়িত ছিলেন বলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানায় র্যাব।
এ ছাড়া গ্রেপ্তার অন্য চারজনও আরসার শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব।
গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা করে পাঁচজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছে র্যাব অধিনায়ক বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ২০২৩ সালে ৬৪ জন এবং ২০২৪ সালে এখন পর্যন্ত ২০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর জের ধরে র্যাব অভিযান চালিয়ে ১১২ জন আরসা শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৫১ কেজির বেশি বিস্ফোরক, পাঁচটি গ্রেনেড, তিনটি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, ১৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৬৮টি গুলি ৬৭টি গুলির খোসা ও চারটি হাতবোমা জব্দ করা হয়।
