বগুড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা
রোববার রাতে রিজার্ভ ভাড়ায় রওনা হওয়ার পর থেকে অটোরিকশা চালক আব্দুল মান্নান নিখোঁজ ছিলেন।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়া আন্দাইরা বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান।
নিহত আব্দুল মান্নান (৫৫) গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় আব্দুল মান্নান অটোরিকশা নিয়ে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে রিজার্ভ ভাড়ায় ধুনট উপজেলার গোসাইবাড়ীর উদ্দেশে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সোমবার সকালে স্থানীয়রা আন্দাইরা বিল এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আব্দুল মান্নানের পরিচয় শনাক্ত করেন।
মিজানুর রহমান বলেন, “বগুড়া থেকে ফরেনসিক দল ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবে। তাই পুলিশ এখনও সুরতহাল করেনি। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।”
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, লাশের গলায় একটি গামছা পেঁচানো ছিল। পায়ের কাছেও কিছু রক্তের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি বলেন, নিহতের অটোরিকশাটি এখনও উদ্ধার হয়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
