১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ নেতার বাড়িতে যুবকের লাশ, ‘চোর সন্দেহে’ হত্যার অভিযোগ

“বিদ্যুতের তার চুরি করছে, কইয়া আমার স্বামীরে ভোর রাতে ধইরা নিয়া পিটায়ে মারছে।”

আওয়ামী লীগ নেতার বাড়িতে যুবকের লাশ, ‘চোর সন্দেহে’ হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর থানা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 04:23 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যাকে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যার করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

সোমবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার ওসি লিয়াকত আলী।

নিহত পারভেজ (৩০) সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাশিল্ড এলাকার প্রয়াত তারা মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। পারভেজ বন্দরের ঢাকেশ্বরী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

ওসি লিয়াকত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনাচড়া এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিনের বাড়ির বারান্দা থেকে পারভেজের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই মেজবাহ ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেজবাহ উদ্দিন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। তার ভাই এম এ রশীদ বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাতে ওসি লিয়াকত বলেন, “ভোর ৪টায় পারভেজকে ধরে আনা হয়। সকাল ৬টা পর্যন্ত মেজবাহ ও তার দুই ছেলে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। পরে তার মৃত্যুর খবর এলাকাবাসী জানালে ঘটনাস্থলে যায় পুলিশ।”

নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পাঠানো হয়েছে।

পারভেজের স্ত্রী খাদিজা বেগম সাংবাদিকদের বলেন, “পারভেজ রাজমিস্ত্রি, সে চোর না। বিদ্যুতের তার চুরি করছে, কইয়া আমার স্বামীরে ভোর রাতে ধইরা নিয়া পিটায়ে মারছে। আমি এর বিচার চাই।”

তবে পারভেজের বিরুদ্ধে পাঁচটি মাদক ও একটি চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে বলে জানান বন্দর থানার ওসি লিয়াকত।

তিনি বলেন, “চুরির বিষয়টি পুলিশ এখনো নিশ্চিত নয়। চুরি হয়ে থাকলেও এটি এখন হত্যাকাণ্ড। এ ঘটনায় থানায় মামলা হবে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”