বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র বরখাস্ত
প্রজ্ঞাপনের চিঠি হাতে পেলে পরবর্তীতে পদক্ষেপ নেবেন বলে জানান মেয়র।
অনিয়মের অভিযোগে বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা বিধি বহির্ভূতভাবে বাস টার্মিনালের ২০২০-২১ সালের ইজারা মওকুফ, অনিয়মতান্ত্রিকভাবে কর্মচারী নিয়োগ, জিপ গাড়ি মেরামতের নামে অতিরিক্ত বিল প্রদান, ২২৮টি দোকান বরাদ্দ না দেওয়া, পৌরসভার বিভিন্ন ক্রয়ে দুর্নীতি ও অনিয়ম, পৌরসভার গৃহকর অ্যাসেসমেন্টে দুর্নীতি, ইমারত ও ভূমির ওপর অতিরিক্ত কর আদায় সংক্রান্ত আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী জানে আলমকে মেয়র পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে।
স্থানীয় সরকার আইন অনুযায়ী মেয়র জানে আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পৌর মেয়র জানে আলম খোকা বলেন, “অনলাইনে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্তের বিষয়টি জেনেছি। তবে আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সঠিক নয়। রাজনৈতিভাবেই এসব করা হয়েছে। আমি জেলা বিএনপির উপদেষ্টা এবং শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলাম। আমাকে দল থেকে বহিষ্কার করা হলেও আমি বিএনপি করি, এটাই অপরাধ।”
প্রজ্ঞাপনের চিঠি হাতে পেলে পরবর্তীতে পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
এদিকে, একইদিনে আরেক প্রজ্ঞাপনে পৌরসভার প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সুবিধার্থে পৌরসভার প্যানেল-১ মেয়র নাজমুল আলম খোকনকে মেয়রের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে।
জানতে চাইলে শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ইমরোজ মুজিব বলেন, “প্রজ্ঞাপনের বিষয়টি শুনেছি। তবে চিঠিটি এখনো হাতে পাইনি।”
