জমির বিরোধে হত্যা: লালমনিরহাটে ২ আসামির যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
লালমনিরহাটে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আকমল হোসেন জানান।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কিসামত বিদ্যাবাগিস এলাকার ওমর আলীর ছেলে আনসার আলী মেম্বার (৬০) এবং একই এলাকার জহির উদ্দিনের ছেলে আব্দুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০)।
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক; অনাদায়ে তাদের আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আকমল বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৯ সালে সদর উপজেলার বিদ্যাবাগিস এলাকার বিনোদ চন্দ্রের ছেলে স্বপন রায়কে হত্যা করে লাশ ফেলে যায় আসামিরা। পরদিন নিহতের ভাই গোবিন্দ রায় লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
“শুনানিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আনসার আলী ও আব্দুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক।”
অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি তিন আসামি নরেশ চন্দ্র, ওমিজা বেগম ও মাহবুবার রহমানকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে বলে বলে আকমল জানান।
