গাজীপুরে ‘শত বছর’ পুরনো গ্রেনেড উদ্ধার
গ্রেনেডটি উদ্ধার করে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে; ‘বম্ব ডিস্পোজাল টিমকে’ জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে মাটি খোঁড়ার সময় একটি গ্রেনেড পাওয়া গেছে, যেটি শত বছরের পুরনো বলে পুলিশের ভাষ্য।
বুধবার উপজেলার মধ্যেপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা দক্ষিণপাড়ায় গ্রেনেডটি পাওয়া যায়।
স্থানীয় রফিকুল ইসলাম জানান, নতুন বাড়ি তৈরির জন্য মাটির একটি ঘর ভাঙার কাজ করছিলেন রহিজ মিয়া। বুধবার সকালে ঘরের কয়েক ফুট নিচে থাকা একটি মাটির হাঁড়ি কোদালের আঘাতে ভেঙে গেলে ‘বোমাসদৃশ’ বস্তু দেখতে পান শ্রমিকরা।
“পরে বাড়ির মালিককে জানালে তিনি পুলিশকে অবহিত করেন। পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে গেছে।”
বাড়ির মালিক রহিজ মিয়া জানান, মাটির ঘরটি অনেক পুরনো। অনেক জায়গায় ভেঙে গেছে। এ কারণে ঘরটি ভেঙে নতুন করে ঘর তৈরির কাজ চলছিল।
“ঘর ভাঙতে গিয়ে দেয়ালের নিচে মাটির হাঁড়ির ভেতর ওই গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পায় শ্রমিকরা। বিষয়টি জানিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বস্তুটিকে গ্রেনেড বলে নিশ্চিত করে এবং তা থানায় নিয়ে যায়।”
কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ির পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, “গ্রেনেডটি দেখে মনে হচ্ছে শত বছরের পুরনো। সেটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। ‘বম্ব ডিস্পোজাল টিমকে’ জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
