২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাভারে মহাসড়ক থেকে বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কায় ২ যাত্রী নিহত

সার্ভিস লেন থেকে সড়ক বিভাজক টপকে মহাসড়কের মূললেনে গিয়ে তারা নবীনগরগামী ঠিকানা পরিবহনের বাস থামানোর সংকেত দেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 11:49 AM

Updated : 26 Aug 2026, 12:40 PM

ঢাকার সাভারে মহাসড়কের মূল লেন থেকে বাসে ওঠার সময় রডবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুইজন।

শুক্রবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের বাজার রোডের মাথায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক বিষ্ণুপদ শর্মা। 

নিহতরা হচ্ছেন- সায়েদ শেখ (৪০) ও মুহাম্মদ হোসেন (৫৫)। তবে পুলিশ তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

পরিদর্শক বিষ্ণুপদ শর্মা বলেন, দুই ব্যক্তি সার্ভিস লেন থেকে সড়ক বিভাজক টপকে মহাসড়কের মূললেনে গিয়ে নবীনগরগামী ঠিকানা পরিবহনের একটি বাস থামানোর সংকেত দেন। 

“তাদের দুজনকে উঠানোর জন্য বাসের চালক মহাসড়কের মূললেনেই বাসটি থামান। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির রডবাহী একটি ট্রাক বাসটিকে জোরে ধাক্কা দেয়। 

“এতে বাসে উঠার সময় ছিটকে পড়ে ওই দুই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান।  দুর্ঘটনায় বাসের পিছনের অংশ ও ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়।”

বিষ্ণুপদ শর্মা আরও বলেন, খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। 

এছাড়া দুর্ঘটনাকবলিত ঠিকানা পরিবহনের বাস ও রড ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে তবে চালক ও চালকের সহকারীরা পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।