২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জের ইছামতীতে অকেজো করা হয়েছে ৪টি ড্রেজার

অভিযানের সময় অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা পালিয়ে যায়।

মানিকগঞ্জের ইছামতীতে অকেজো করা হয়েছে ৪টি ড্রেজার

হরিরামপুরের ইছামতী নদী থেকে বালু উত্তোলন করা ড্রেজার অকেজো করে প্রশাসন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2023, 04:39 PM

Updated : 29 Nov 2023, 04:39 PM

মানিকগঞ্জের হরিরামপুরের ইছামতী নদী থেকে বালু উত্তোলন করা চারটি ড্রেজার অকেজো করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলার চালা ইউনিয়নের সাপাইর ও কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি ড্রেজারসহ ২০টি পাইপ অকেজো করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান ।

তিনি জানান, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে চারটি ড্রেজার ও কিছু পাইপ অকেজো করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয়রা জানান, এলাকার একটি সরকারি রাস্তা করার কথা বলে ইউনিয়নের দিয়াবাড়ি এলাকার প্রেমানন্দ ও সুমনসহ কয়েকজন মিলে চারটি ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে সাপাইর ও কল্যাণপুর ইছামতী নদী থেকে বালু তুলছিল।

ড্রেজারের মালিক প্রেমানন্দ হালদার জানান, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রাস্তা ভরাটের কাজের জন্য নদীতে ড্রেজার বসিয়েছেন তারা। রাস্তার পাশাপাশি পাশের একটি বাড়ির ১৪ হাজার ফুট ভরাটের কাজ শুরু করলে প্রশাসন অভিযান চালিয়ে তার ২০টির মতো পাইপ ও তার ড্রেজারসহ আরো তিনটি ড্রেজার পানিতে ডুবিয়ে দিয়েছে।  

এ বিষয়ে জানতে একাধিকবার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।