সিলেটের দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান মতছিন আবারো গ্রেপ্তার
গত বছরের মার্চে সাবেক এই ইউপি চেয়ারম্যান র্যাবের হাতে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পান।
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম মতছিনকে আবারো গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকালে ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিশ্বনাথ থানার ওসি মো. রুবেল মিয়া জানান। এর আগে গত বছরের মার্চে মতছিনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তিনি জামিনে মুক্তি পান।
বিশ্বনাথ থানার ওসি বলেন, “এবার গ্রেপ্তার হওয়া মতছিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় আদালত পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিকালে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।”
মতছিন দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি। দুই বছর আগে তার বিরুদ্ধে নিয়ম না মেনে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ উঠেছিল।
