Published : 07 Aug 2024, 07:43 PM
যশোরের কেশবপুর উপজেলায় এক হিন্দু ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের প্রতিবাদ করায় এক বিএনপি নেতা ও তার কর্মীদের উপর হামলা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাজিয়া বাজার থেকে কেশবপুরে ফেরার পথে কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদের ওপর হামলা হয়।
এর আগে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পাজিয়া বাজারের চাল ব্যবসায়ী বিকাশ চন্দ্র পালের বাড়িতে। একই সময় লুটপাট হয় তার ব্যবসায় প্রতিষ্ঠানেও।
ভুক্তভোগী বিকাশ পাল বলেন, তার প্রতিষ্ঠান থেকে ২শ বস্তা চাল, আড়াইশ বস্তা আটা, সাড়ে ৪শ বস্তা খইল ও আড়াইশ বস্তা ভুষি এবং নয় লাখ টাকা লুট করা হয়েছে। একই দিন তার কাছে ২ লাখ টাকা দাবি করেন উপজেলার নতুনহাট এলাকার রিপন নামে এক ব্যক্তি। রিপন তার কাছে থেকে ৫০ হাজার টাকাও নিয়েছেন।
এ চাল ব্যবসায়ী বলেন, “আমার বাড়িতে ডাকাতি হয়েছে জানতে পেরে কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন আজাদ আমার বাড়িতে আসেন এবং ঘটনার বিস্তারিত শুনেন। মঙ্গলবার বিকালে তিনি রিপনকে ডেকে পাঠান এবং আমার কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিতে বলেন।
“এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাজিয়া বাজার থেকে কেশবপুরে ফেরার পথে নতুনহাট মোড়ে রিপনের নেতৃত্বে ১৫-২০ জন আজাদকে বহনকারী মাইক্রোবাসে পেছন থেকে হামলা করে। এ সময় গাড়ির কাঁচ ভেঙে ফেলায় পেছনের আসনে থাকা ছয়জন আহত হয়। সামনে থাকায় রক্ষা পান আজাদ।”
আবুল হোসেন আজাদ বলেন, হামলায় আহত ইমরান, সোহান, লিটন, ইউনুস ও ইয়াসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
এদিকে এ ঘটনায় বুধবার কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এক জরুরি সভা করেছে। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সম্প্রীতি ও শৃঙ্খলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলার যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল হোসেন আজাদ।
সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের গাড়ি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল কবীর মিলটনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।