Published : 16 Jan 2026, 11:19 AM
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের সময় হাইওয়ে পুলিশের লুট হওয়া একটি অস্ত্রসহ দুটি অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার রাত ২টার দিকে মুরাদনগর উপজেলার লাজৈর এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র দুটি উদ্ধার করা হয় বলে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম জানান।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

“এরই ধারাবাহিকতায় গোপন তথ্যে অভিযান চালিয়ে ডোবা থেকে স্কচ টেপে মোড়ানো অবস্থায় দুটি অস্ত্র উদ্ধার করা হয়।”
কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, “উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি হাইওয়ে পুলিশের চাইনিজ রাইফেল রয়েছে। এটি জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের সময় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুট হয়েছিল। আরেকটি অবৈধভাবে আনা হয়েছিল বলে আমরা ধারণা করছি।”
এ ঘটনায় মুরাদনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।