হবিগঞ্জে নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ মিলল পুকুরে
একদিন আগে নাহিদ সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় বলে জানায় পুলিশ।
হবিগঞ্জে সদরে নিখোঁজের একদিন পর এক মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের তিনকোনা পুকুরপাড় একালার একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায় বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির।
নিহত হোসাইনুর রহমান নাহিদ (১০) পৌরসভার নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মিছবাহউর রহমান ফরহাদের ছেলে। সে শহরের একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
ওসি আলমগীর কবির জানান, বুধবার বিকালে নাহিদ সহপাঠীদের সঙ্গে খেলাধুলা শেষে পুকুরপাড় সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। এরপর দীর্ঘক্ষণ পার হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুজির পর না পেয়ে রাতে নিখোঁজের বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করে নাহিদের চাচা মো. মখলিছুর রহমান। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
বৃহস্পতিবার সকালে ওই পুকুরটিতে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা নাহিদকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন নাহিদের স্বজনরা।
পরে মৃতদেহ বাড়িতে নেওয়া হলে, সেখানে নাহিদকে শেষবার দেখতে ভিড় জমায় পাড়া প্রতিবেশীসহ সহপাঠীরা।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি আলমগীর কবির।
