পাহাড়ে ৭২ ঘণ্টার অবরোধ শেষ হল
ইউপিডিএফের খাগড়াছড়ির জেলা সংগঠক বলেন, “সন্ধ্যা ছয়টায় অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে ইমেইল বার্তায় প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।”
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাত-হামলার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়েছে । সোমবার সন্ধ্যা ৬টায় এ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে ইউপিডিএফের খাগড়াছড়ির জেলা সংগঠক অংগ্য মারমা জানান।
এর আগে বিকালে রাঙামাটির সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অবরোধ সমর্থনকারীরা। সমাবেশ থেকে অবরোধের সমাপ্তি ঘোষণা করা হয়।
বুধবার খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়।
এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এ সংঘাত খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
দীঘিনালার ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খাগড়াছড়ির সংঘাতের জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও। সেখানে সংঘর্ষে একজন মারা যান। আহত হন অন্তত ৫০ জন।
দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতায় চারজন নিহতের ঘটনায় শুক্রবার ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার এক বিক্ষোভ সমাবেশ থেকে তিন পার্বত্য জেলায় ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে সর্বাত্মক সমর্থন দেয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ।
অবরোধে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি, ঢাকা ও চট্টগ্রাম সঙ্গে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইউপিডিএফের খাগড়াছড়ির জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, “সোমবার সন্ধ্যা ছয়টা থেকে অবরোধ কর্মসূচি সমাপ্তি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র সমাজের পক্ষ থেকে ইমেইল বার্তায় প্রেস বিজ্ঞপ্তি ও পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।”
আরও পড়ুন:
