১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যশোরে মাছের ঘের থেকে প্রবাস ফেরত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আড়াই মাস আগে কুয়েত থেকে বাড়ি এসেছিলেন হাসান। দুই মাস আগে বিয়ে করেন।

যশোরে মাছের ঘের থেকে প্রবাস ফেরত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
হাসান শেখ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 02:59 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরে অভয়নগর উপজেলার মাছের ঘের থেকে প্রবাস ফেরত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।  

রোববার সকালে উপজেলার নাউলী গ্রামের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ প্রকাশ দাস। 

নিহত হাসান শেখ (৩০) ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আড়াই মাস আগে তিনি কুয়েত থেকে বাড়ি এসেছিলেন। দুই মাস আগে বিয়ে করেন।

হাসানের বড় ভাই মুন্না শেখ বলেন, দেশে ফেরার পর থেকে হাসান গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। বন্ধুদের পিছনে প্রচুর টাকা নষ্ট করত। শনিবার রাতেও হাসান বন্ধুদের আড্ডায় ছিল।

পরে রোববার ভোরে প্রতিবেশী তবিবুর রহমান তার মাছের ঘেরের পাড়ে হাসানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে তাদেরকে জানায়।

মাদকের কারণে তার ভাইকে হত্যা করা হয়েছে বলে ধারনার কথা জানান মুন্না। 

এ সময় পুলিশে খবর দেওয়া হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ প্রকাশ দাস বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তার অনুসন্ধান করা হচ্ছে।