নীলফামারীতে তারেকের জনসভা: খণ্ড খণ্ড মিছিলে ভরে উঠছে মাঠ
নীলফামারীতে এবার প্রথম বারের মতো জনসভায় বক্তব্য দেবেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীর্ঘ দুই দশক পর উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে নীলফামারীর হাইস্কুল বড় মাঠে জনসভায় তিনি বক্তব্য দিবেন। তার এই আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জেলায়।
সকাল থেকেই রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন-পতাকা হাতে স্লোগানে স্লোগানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিলে শহরে প্রবেশ করতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। এতে মিছিলের নগরীতে পরিণত হয়েছে জেলা শহর।
দুপুর ১২টার আগেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ভরে ওঠে জনসভাস্থল।
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, ১১টার ২০ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছেন তারেক রহমান। পরে তিনি হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও পৌছান। সেখানে জনসভা শেষে দুপুর দেড়টার দিকে তারেক রহমান হেলিকপ্টারযোগে নীলফামারী জনসভাস্থলে আসবেন।
এ সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করছেন তিনি।
এর আগে ১৯৭৭ সালে নীলফামারী শহরের হাইস্কুল বড় মাঠে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ২০০১ ও ২০১৪ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেন।
২০০৩ সালে ডিসেম্বর শীতবস্ত্র বিতরণসহ পথসভা করেছিলেন তারেক রহমান। তবে নীলফামারীর এই মাঠে এবার প্রথম বারের মতো জনসভায় বক্তব্য দেবেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।
গত ৩০ জানুয়ারি তারেক রহমান উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে বিশাল জনসভা করেছিলেন। এবার দ্বিতীয় দফা উত্তরাঞ্চলের সফরে তিনি ঠাকুরগাঁও,নীলফামারী ও দিনাজপুরে জনসভায় বক্তব্য দিবেন।
নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান ফের হেলিকপ্টারে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে বিকাল সাড়ে ৩টার জনসভায় যোগ দিবেন।
সেখানে বক্তব্য শেষে তিনি নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমানে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং উত্তরাঞ্চলকে বৈষম্যমুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবেন তারেক রহমান। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পাইপলাইনে গ্যাস সরবরাহ, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে উত্তরাঞ্চল এগিয়ে যাবে তার নেতৃত্বে।
এদিকে নীলফামারীর জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর প্রস্তুতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক তৎপর রয়েছে তারা। পুরো জেলায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
