২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে চাঁদা না পেয়ে কাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণ চেষ্টার অভিযোগ

লিখিত অভিযোগ অনুযায়ী, ভবনের ঢালাইয়ের কাজ চলাকালে কাজ বন্ধ করে দেওয়া হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 04:17 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

রাজশাহীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের কাজ বন্ধ করে চাঁদা দাবি এবং প্রকল্পের উদ্যোক্তাকে অপহরণের চেষ্টার অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম।

তিনি বলেন, অভিযোগকারী মোস্তাফিজুর রহমান নগরের শিরোইল রেলস্টেশন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ‘রাজশাহী টাওয়ার’ প্রকল্পের ব্যবস্থাপক। বুধবার রাতে তিনি এনাজুল হক অমি নামের এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, ১০০ সদস্যের যৌথ উদ্যোগে ভবনটির নির্মাণকাজ চলছে। প্রকল্পের পাশেই ‘হকস ইন’ নামে একটি আবাসিক হোটেল রয়েছে, যার মালিক এনাজুল হক অমি। ভবন নির্মাণের শুরু থেকেই হোটেলের ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে তিনি ২৬ লাখ টাকা দাবি করে আসছিলেন।

মোস্তাফিজুর রহমানের অভিযোগ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের-আরডিএ পরিদর্শকরা হোটেলটি পরিদর্শন করে কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ পাননি। এরপরও নির্মাণকাজ চালিয়ে নিতে চাপের মুখে বিভিন্ন সময়ে অমিকে ১৬ লাখ টাকা চাঁদা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পাইলিংয়ের সময় ঢাকা থেকে আনা হাইড্রোলিক মেশিনও চাঁদার দাবিতে বন্ধ করে দেওয়া হয়েছিল। মেশিনটির দৈনিক ভাড়া ছিল ৫০ হাজার টাকা। পরে বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ চালিয়ে নিতে হয়েছে বলে দাবি করা হয়।

লিখিত অভিযোগ অনুযায়ী, বুধবার ভবনের ঢালাইয়ের কাজ চলাকালে এনাজুল হক অমি দলবল নিয়ে নির্মাণস্থলে প্রবেশ করে কাজ বন্ধ করে দেন। এ সময় প্রকল্পের উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান তুহিনকে গালিগালাজ করা হয় এবং ১০ লাখ টাকা দাবিতে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়। পরে নির্মাণশ্রমিক ও সাইট ইঞ্জিনিয়াররা তাকে উদ্ধার করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন এনাজুল হক অমি। তার দাবি, ভবন নির্মাণের কারণে তার হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ২৬ লাখ টাকা দেওয়ার কথা ছিল এবং তিনি কয়েক দফায় ১৪ লাখ টাকা পেয়েছেন।

বাকি টাকা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলেও জানান তিনি।

ওসি রবিউল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।