গাজীপুরে শালবনের ভেতরে পড়ে ছিল অর্ধগলিত লাশ
“৯৯৯-এ খবর পেয়ে মাটি চাপা অবস্থায় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।”
গাজীপুরে শালবনের ভেতর এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, টিকটক ভিডিও করতে কয়েকজন কিশোর বনের ভেতরে গেলে তারা তীব্র দুর্গন্ধ পায়। পরে সামনে এগিয়ে গিয়ে মাটি চাপা অবস্থায় লাশটি দেখতে পায়।
ওসি তরিকুল বলেন, “৯৯৯-এ খবর পেয়ে মাটি চাপা অবস্থায় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশটি সেখানে পুঁতে রাখা হয়েছিল।”
ডিবি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পরিচয় শনাক্তে ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।
