চুয়াডাঙ্গা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় ‘ডিএনএ টেস্ট কিট’ জব্দ
ভারত থেকে অবৈধভাবে এসব কিট এনে সীমান্তে মজুত করা হয় বলে ভাষ্য বিজিবির।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ডিএনএ টেস্ট কিট জব্দ করা হয়েছে; যেগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয় বলে ভাষ্য বিজিবির।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপুর সীমান্ত এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশে পরিত্যক্ত অবস্থায় এসব কিট পাওয়া যায় বলে জানান মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমদাদুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভোরে রাজাপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার সুয়েব সঙ্গীয় ফোর্সসহ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন খবর পেয়ে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শুকুর আলীর ভুট্টা ক্ষেতের পাশে অভিযান চালানো হয়।
সেখানে পরিত্যক্ত অবস্থায় ২২০টি ভারতীয় ডিএনএ টেস্ট কিট পাওয়া যায়; যার আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবির ধারণা, সংঘবদ্ধ চোরাচালান চক্র অবৈধভাবে এসব পণ্য দেশে আনার উদ্দেশে সীমান্ত এলাকায় মজুত করে রেখেছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধার করা কিট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।
