মিটফোর্ডে নৃশংস হত্যা: জেলায় জেলায় ক্ষোভ
মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদকে।
নৃশংসভাবে ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
শিক্ষার্থী থেকে শুরু করে রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার দাবি করেন।
তারা বলেন, অবিলম্বে দেশে এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে। না হলে দেশ অশান্ত পরিস্থিতির দিকে ধাবিত হবে।
বুধবার বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এই ঘটনায় পুলিশ ও র্যাব চারজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এ ঘটনার সঙ্গে জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচজনকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি।
বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা ও খুলনায় হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র-জনতা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ হয়।
এতে বক্তব্য দেন সাহিল আহম্মেদ, মহায়মিনুল আজমিন, মো. তাজুল ইসলাম, মো. গোলাম মাওলা প্রিয়ম, রেদুয়ান আনসারি, আবু বক্কর সিদ্দিক, শিমুল চৌধুরী।
বক্তারা বলেন, কোনো রাজনৈতিক পরিচয় নয়, সাধারণ নাগরিক হিসেবে দেশের জনগণ আজ এই অব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
রংপুর
রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে রংপুর জিলা স্কুল মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক অতিক্রম করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্রশিবির, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা।
এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির সদস্যসচিব আশফাক আহমেদ জামিল, এনসিপির মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন করেছে ‘শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলন’। বিকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মারুফ, সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ, উর্দু বিভাগের শিক্ষার্থী আফরিন জাহান, ছাত্র ফেডারেশননের সদস্যসচিব ওয়াজেদ শিশির অভি, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম নয়ন।
এ ছাড়া একই দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বিকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু।
গোপালগঞ্জ
চলমান চাঁদাবাজি, ধর্ষণ, হত্যার প্রতিবাদে গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সকালে মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। কলেজ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়।
শিক্ষার্থীরা ঘটানার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করে স্লোগান দেন।
জামালপুর
হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
বিকালে দয়াময়ী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. সানাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম।
নওগাঁ
নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগ্রামী ছাত্র-জনতা। দুপুরে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচি হয়।
সমাবেশে এনসিপি নেতা দেওয়ান মাহবুব আলম সোহাগ, রাফি, শিপলু, গণপরিষদের শাকিব মেহেদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরমান হোসেন, তানজিম আহমেদ, ফরিদ আহমেদ বক্তব্য দেন।
সমাবেশে নেতারা ব্যবসায়ী সোহাগ হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এ ছাড়া নওগাঁ জেলার বিভিন্ন অফিস, মোড়, বাসস্ট্যান্ড, বেবিট্যাক্সি ও অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদাবাজদের উৎখাতের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষাথীরাও যোগ দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনটির নেতারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত হওয়ার তথ্য তুলে ধরে দলটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
শনিবার দুপুরে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে তারা শহরে মিছিলও করেন।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান, মহানগর শাখার আহ্বায়ক মাহফুজ খান, জেলা কমিটির সদস্যসচিব জাবেদ আলম, যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ, মুখপাত্র সারফারাজ হক সজীব।
আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সহমুখপাত্র শাহরিয়া আলাইনা সাফা, মহানগরের মুখপাত্র জহিরুল ইসলাম, জেলা সংগঠক তানজিল ভূঁইয়া শিথিল, জাহিদুল ইসলাম বাঁধন, বন্দর উপজেলা শাখার আহ্বায়ক মো. তানভির জিসান, মুখপাত্র আবির আহমেদ চৌধুরী, মুখপাত্র আদিবা সুলতানা, এনসিপির সাদিয়া প্রধান প্রমুখ।
নাটোর
নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভের আয়োজন করা হয় বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র মাহফুজা রাহাত বুসরা।
সমাবেশে বক্তব্য দেন মাহফুজা রাহাত বুসরা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা শেখ ওবাইদুল্লাহ মিম, আব্দুস সামাদ শিশির।
পঞ্চগড়
পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও ‘আমরা পঞ্চগড়বাসী’।
বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেরে-ই-বাংলা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ফজলে রাব্বী, যুগ্ম আহ্বায়ক মকলেছার রহমান সান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান।
পিরোজপুর
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিকালে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এতে পিরোজপুরের সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জুলাই যোদ্ধা তাহমীদ আল নাসীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আফরোজা তুলি, এনসিপির যুব শক্তির সদস্য এ কেএম জাবিদ হাসান।
