Published : 06 Aug 2025, 10:45 AM
নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে।
বুধবার সকালে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে তিনি বলেন, বুধবার সকাল ৭টার দিকে সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়।
“সকাল ৭টা ২০ মিনিটে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। এর মধ্যে মাত্র তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
“দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আরও ভয়াবহ আগুন ছড়ানো থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি। শত শত দোকান থাকলেও অল্পেই রক্ষা পায় বাজারের ব্যবসায়ীরা।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যাতে পুড়ে গেছে জুতা, ইলেক্ট্রনিক, মুদিসহ সাতটি দোকান।
তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।